রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০৮-২০২৫ ০২:০১:৩৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৮-২০২৫ ০২:০১:৩৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে একযোগে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থী, শিক্ষক এবং সচেতন নাগরিকরা। রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে অবস্থান ধর্মঘট শুরু করেন তারা।
প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি বায়তুল হিকমাহ মডেল মাদরাসা, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সিরাজ মডেল স্কুল, ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফখরুল মেমোরিয়াল কিন্ডারগার্টেন, ইউনিক মডেল স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে সংহতি জানান।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সড়কজুড়ে জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা জানান, স্থায়ী অবকাঠামো না থাকায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছেন। আন্দোলনকারীরা ঘোষণা দেন—দাবি পূরণ না হওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ চলবে।
সড়ক অবরোধের কারণে ঢাকা-পাবনাগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে শত শত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
এর আগে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধনসহ ধারাবাহিক কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এরপর মহাসড়কে প্রতীকী ক্লাস ও মৌন মিছিলের মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে আসছেন তারা।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এআর/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স