ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আবাসিক হোটেলগুলোতে আস্তানা আ'লীগের পলাতক নেতাদের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১২:৩৫:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০২:২০:৩৬ অপরাহ্ন
আবাসিক হোটেলগুলোতে আস্তানা আ'লীগের পলাতক নেতাদের ​ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার আবাসিক হোটেলগুলো হয়ে উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের লুকিয়ে থাকার আদর্শ স্থান। যারা আগে কালেভদ্রে ঢাকায় আসতেন, তাদের অনেকেই এখন রাজধানীর নিয়মিত বাসিন্দা। গত বছর ৫ আগস্টের পরই দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী হাজির হন রাজধানীতে। যাদের বেশিরভাগই জেলা ও উপজেলার মাঝের সারির নেতা। নানা অপকর্মের কারণে যাদের অনেকেই এলাকা থেকে বিতাড়িত। অনেকের নামে মামলাও রয়েছে। 

গত ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের শাসনামলে এদের অনেকেই এলাকায় রাজনৈতিক সুবিধা নিয়ে দাপট দেখিয়েছেন। এখন নাম-পরিচয় গোপন রেখে রাজধানীর হোটেলগুলোকে ব্যবহার করছেন আস্তানা হিসেবে। ফলে হোটেলগুলোতেও সহজে মিলছে না খালি সিট।

রাজধানীতে বসে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের এসব নেতাকর্মী নিজ এলাকার নেতাকর্মীদের দিচ্ছেন দিকনির্দেশনা। খোঁজ নিয়ে জানা গেছে, আশ্রয় নেওয়া এসব নেতাকর্মী কোনো নির্দিষ্ট হোটেলে ৩-৪ দিনের বেশি অবস্থান করছেন না। ঘন ঘন তারা পাল্টাচ্ছেন নিজেদের অবস্থান। রুম ভাড়া নেওয়ার সময় অধিকাংশই উল্লেখ করছেন চিকিৎসা ও ব্যবসাসংক্রান্ত প্রয়োজনের কথা। ঢাকার বিভিন্ন এলাকার আবাসিক হোটেল কর্তৃপক্ষের সঙ্গে আলাপকালে এমন তথ্যই জানা গেছে। 

অভিযোগ রয়েছে, আগের মতো থানা পুলিশের নজরদারি না থাকায় হোটেলে অবস্থানের ক্ষেত্রে তাদেরকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে না। সম্প্রতি একটি গোয়েন্দার সংস্থার পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোয়েন্দা সংস্থার বার্তার পরই সরকারের তরফে রাজধানীর হোটেলগুলোতে অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, ‘বিভিন্ন হোটেলে অস্বাভাবিক অতিথি অবস্থানের তথ্য আমাদের কাছে এসেছে। যাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরাও রয়েছেন। তারা রাজধানীর বিভিন্ন হোটেলে অবস্থান করে সরকারবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে বলে তথ্য রয়েছে। আমরা এ ধরনের কিছু আবাসিক হোটেলের তালিকা তৈরি করেছি। সেগুলো যাচাই-বাছাই শেষে দ্রুতই অভিযান চালানো হবে।’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীতে পুলিশের তালিকায় প্রায় ১২শ হোটেল রয়েছে। এসব হোটেলের বড় অংশই বিভিন্ন টার্মিনালকেন্দ্রিক। এ ছাড়াও হাসপাতাল ও বিভিন্ন মার্কেটকেন্দ্রিকও আবাসিক হোটেলও রয়েছে। তবে এসব হোটেলের কোনো নিবন্ধন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ে নেই। এমনকি প্রতিষ্ঠানগুলো আবাসিক হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ী কোনো সংগঠনেরও সদস্য না। হোটেলগুলো স্থানীয় থানা পুলিশের কোনো নজরদারিও নেই। আর এই সুযোগটিই কাজে লাগিয়ে হোটেলগুলোতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনগুলোর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অবস্থান করছেন। 

নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘হোটেলে বসে অনেক নেতা ‘পকেট ওয়াফাই রাউটার’ ব্যবহার করেন। ফলে তাদের অবস্থান শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে। আবার স্থানীয় থানা পুলিশের পর্যাপ্ত লোকবল ও যানবাহন সংকটের কারণেও হোটেলগুলোতে নজরদারি চালানো সম্ভব হচ্ছে না।’

নাম প্রকাশ না করার শর্তে রাজধানীর একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘আবাসিক হোটেলে খোঁজখবর নিতে গেলে অনেকে খারাপ চোখে দেখে। মনে করে, পুলিশ অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছে। আবার আবাসিক হোটেলে পুলিশের উপস্থিতি দেখে কৌতূহলী জনতাও ভিড় করে। এসব কারণে অনেক কর্মকর্তা অভিযান এড়িয়ে যেতে চায়।’

তবে আবাসিক হোটেলগুলোতে নানা শ্রেণি-পেশার লোকজনের আনাগোনার বিষয়টি তাদের নজরদারিতে আছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘আগে হোটেলে অবস্থানের জন্য একটি তথ্য ফরম পূরণ করতে হতো। সেখানে আগমনের কারণ, ঠিকানা ও ছবি সংরক্ষণ করা হতো। এরপর সেই তথ্য থানাকে জানানো হতো। এদের মধ্যে কারও আচরণ সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করা হতো। সেগুলো বিটভিত্তিক দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা যাচাই-বাছাই করতেন। এখন এসব নিয়মের তোয়াক্তা করে না হোটেল মালিকরা।’ 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১ আগস্ট) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সূত্রমতে, গ্রেপ্তারকৃত ৮ জনের মাঝে ৪ জনকে বিভিন্ন আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে ওইসব হোটেলের নাম প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ। সূত্র : প্রতিদিনের বাংলাদেশ

বাংলাস্কুপ/ডেস্ক/এআর/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ