ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

​হবিগঞ্জে ১৬ ঘণ্টা পর আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৩:৩৩:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৩:৩৩:২৬ অপরাহ্ন
​হবিগঞ্জে ১৬ ঘণ্টা পর আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু ফাইল ছবি
হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনার ১৬ ঘণ্টা পর আংশিকভাবে চারটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। তবে এখনও মাধবপুর উপজেলা পুরোপুরি অন্ধকারে রয়েছে। শুক্রবার (১ আগস্ট) দুপুরে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান চার উপজেলার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টানা বৃষ্টির মধ্যে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে বিকট শব্দের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আগুন ছড়িয়ে পড়ে এবং দুটি ট্রান্সফরমার পুড়ে যায়, আরেকটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ৯টি উপজেলার মধ্যে ৫টিতে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। টানা ১৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় এসব এলাকায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।পরিস্থিতি কিছুটা উন্নতি হলে শুক্রবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ সদর, চুনারুঘাট, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলার আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। তবে মাধবপুর উপজেলা এখনও বিদ্যুৎহীন রয়েছে।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জানান, জেলার জন্য ১৬০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে কেবল একটি কার্যকর ট্রান্সফরমারের মাধ্যমে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে আংশিকভাবে চারটি উপজেলা চালু রাখা হয়েছে। মাধবপুর উপজেলায় এখনও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তিনি আরও জানান, বাকি দুটি ট্রান্সফরমারের একটি আজ (শুক্রবার) সন্ধ্যায় এবং অপরটি শনিবার চালু হতে পারে বলে জানানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ