ভেঙে গেছে আতাই নদীর বাঁধ, শতাধিক পরিবার পানিবন্দি
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩১-০৭-২০২৫ ০২:৫৮:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-০৭-২০২৫ ০২:৫৮:২৭ অপরাহ্ন
সংবাদচিত্র: সংগৃহীত
অব্যাহত বৃষ্টি ও জোয়ারের পানির চাপ সহ্য করতে না পেরে যশোরের অভয়নগর উপজেলার আতাই নদীর বাঁধ ভেঙে গেছে। এতে সিদ্ধিপাশা ইউনিয়নের শান্তিপুর ও রামনগর গ্রাম প্লাবিত হয়ে পড়েছে এবং দুই শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। গত ২৮ জুলাই থেকে রিশিপাড়া এলাকায় বাঁধ ভেঙে পানি ঢুকতে শুরু করে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সরেজমিনে দেখা গেছে, প্লাবিত দুটি গ্রামে ফসলি জমি, মাছের ঘের এবং গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে আছে। প্রায় ২০০ মিটার বাঁধ ধসে পড়ায় পরিস্থিতি আরও অবনতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের বাঁধটির সংস্কার হয়নি। ফলে বর্ষা মৌসুমে প্রতি বছরই জোয়ারের পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তারা দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানান।
শান্তিপুরের বাসিন্দারা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীর পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়ে হাঁটুসমান পানিতে গ্রাম প্লাবিত হয়েছে, মাছের ঘেরও ভেসে গেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে বাঁধ সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল বলেন, প্রাথমিকভাবে বাঁধের দুর্বল অংশ মেরামত করা হবে এবং বর্ষা মৌসুম শেষে টেকসই সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
প্রিন্ট করুন
কমেন্ট বক্স